চীনে ইলেকট্রিক গাড়ি কারখানা বিওয়াইডিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

১৪ এপ্রিল বিওয়াইডি-র একটি উৎপাদন কেন্দ্রের ভেতরে অবস্থিত একটি বহুতল পার্কিং গ্যারেজে আগুন লাগে।চীনের শেনঝেন প্রদেশের পিংশান জেলায় দেশটির খ্যাতনামা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) বিওয়াইডির একটি উৎপাদন কেন্দ্রের ভেতরে থাকা বহুতল ভবনের পার্কিং গ্যারেজে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

ঘটনার পর দমকল বাহিনী ও উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে স্থানীয় প্রশাসনের সহায়তায় মা লুয়ান এলাকায় অবস্থিত ওই ‘ত্রিমাত্রিক’ পার্কিং এরিয়া আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

স্থানীয় কর্তৃপক্ষ ও কোম্পানি জানায়, ক্ষতিগ্রস্ত গ্যারেজটি পরীক্ষামূলক এবং বাতিল বা অচল যানবাহন সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো। সেখানে কোনো উৎপাদনশীল বা গ্রাহকের জন্য প্রস্তুত গাড়ি ছিল না।


বিওয়াইডি আরও জানায়, ওই স্থানে পরীক্ষামূলক, যাচাইকরণ ও মেয়াদোত্তীর্ণ গাড়ি রাখা ছিল। এ ঘটনায় কোনো সক্রিয় অ্যাসেম্বলি লাইন বা ডেলিভারির জন্য প্রস্তুত যানবাহনের ক্ষতি হয়নি।

এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বহুতল ভবনের বিভিন্ন অংশে আগুন জ্বলছে এবং ঘন ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। আশপাশের শিল্পাঞ্চলও ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলে দমকল ও পুলিশ সদস্যদের দ্রুত ছুটে আসতে দেখা যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় বিওয়াইডির উৎপাদন কার্যক্রম বা চলমান উৎপাদনে কোনো প্রভাব পড়েনি। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণ পরিমাণ এখনও তদন্তাধীন রয়েছে।

সূত্র: রয়টার্স




[আর/এস]